
গত জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জনগণকে যে শ্রতিশ্রুতি দিয়ে ছিলো তা একে একে বাস্তবায়ন করে যাচ্ছে। অপেক্ষা করেন আরো অনেক কিছু দৃশ্যমান হবে। সরকারের এখন প্রধান লক্ষ্য হচ্ছে মাদকমুক্ত বাংলাদেশ গড়া। আগামী কয়েকদিনের মধ্যে এই উপজেলা মাঠে মাদকবিরোধী বিশাল জনসমাবেশ হবে।
শিক্ষা মন্ত্রণালয়ের সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপির আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বুধবার উপজেলা পরিষদ মাঠে কুমিল্লা-২ আসনের এমপি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া এই কথা বলেন।
তিনি আরো বলেন, গৌরীপুর-হোমনা সড়কের সংস্কার কাজের প্রায় ১৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। শীঘ্রই এই কাজটি শুরু হবে। সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী বিভিন্ন জায়গায় কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়েছে। পর্যায়ক্রমে হোমনা ও তিতাসেও তা শুরু হবে। অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া আরো বলেন, তিতাস হোমনা মানুষের কাছে আমার যে প্রতিশ্রুতি ছিল তা আমি একে একে বাস্তবায়ন করে যাচ্ছে। সেক্ষেত্রে আপনাদের সহযোগিতাও লাগবে।
উপজেলা বিএনপির সভাপতি মো. ওসমান গণি ভূঁইয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা (উত্তর) জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাসেম, হোমনা বিএনপির সাধারণ সম্পাদক মো. মহিউদ্দিন সরকার, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলী হোসেন মোল্লা, সাবেক উপজেলা বিএনপির সভাপতি মো. সালাহউদ্দিন সরকার, সহ-সভাপতি এমদাদ হোসেন আখন্দ, আক্তারুজ্জামান সরকার, কাজী কবির হোসেন সেন্টু প্রমূখ।




