
পরিবেশের ভারসাম্য রক্ষা ও বজ্রপাতের ঝুঁকি কমাতে সিরাজগঞ্জের শাহজাদপুরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের দুই পাশে তালবীজ বপন কর্মসূচি শুরু হয়েছে। সম্প্রতি পাঁচিল এলাকা থেকে এনায়েতপুরগামী বাঁধের দুই পাশে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন।
সাংবাদিক ও সমাজকর্মী আব্দুল্লাহ আল মাহমুদ ব্যক্তিগত উদ্যোগে গত সাত বছর ধরে শাহজাদপুরের বিভিন্ন সড়কের পাশে ও শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানায় তালবীজ বপন করে আসছেন। তাঁর উদ্যোগে গত পাঁচ বছরে প্রায় ৩০ হাজার তালবীজ বপন করা হয়েছে। ইতোমধ্যে তাঁর হাতে বপন করা অনেক তালগাছ বড় হয়ে বিভিন্ন সড়কের পাশে দৃশ্যমান হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত দুই বছর ধরে যমুনা নদীর তীর রক্ষা বাঁধের দুই স্লোপে তিনটি করে সারিতে প্রায় ১০ ফুট পরপর তালবীজ বপন করা হচ্ছে। জিরো পয়েন্ট থেকে জগতলা পর্যন্ত প্রায় চার কিলোমিটার এলাকায় বপন করা এসব তালবীজের অনেকগুলো ইতোমধ্যে গাছে পরিণত হয়েছে।
ইউএনও সাবরিনা শারমিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তালগাছ পরিবেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আব্দুল্লাহ আল মাহমুদের সাত বছরের উদ্যোগ প্রশংসনীয়। উপজেলা প্রশাসন এ উদ্যোগে সার্বিক সহযোগিতা করে আসছে এবং আগামীতেও করবে।
উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তাল থেকে রস, পিঠা-পায়েসসহ বিভিন্ন খাদ্য তৈরি হয়, যা গ্রামীণ অর্থনীতিতেও অবদান রাখে।
আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, বিভিন্ন স্থান থেকে তাল সংগ্রহ করে সেখান থেকে বীজ নিয়ে উপযুক্ত জায়গায় বপন করেন তিনি। পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাতের ঝুঁকি কমানো ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করাই তাঁর এই উদ্যোগের মূল লক্ষ্য।
এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রশিদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।




