
জুরাছড়ি উপজেলায় মাদকবিরোধী র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ আগস্ট) মাদকে প্রতিরোধ করি, যুব সমাজ রক্ষা করি" প্রতিপাদ্যকে সামনে রেখে
সকালে জুরাছড়ি থানার আয়োজনে মাদকবিরোধী র্যালিটি উপজেলা নির্বাহী কর্মকর্তার বাসভবন প্রাঙ্গণ থেকে শুরু হয়। র্যালিটি উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শিশুপার্কের ফটক ঘুরে উপজেলা পরিষদের পুরাতন কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
পরে উপজেলা পরিষদের পুরাতন কার্যালয়ের ফটকে অনুষ্ঠিত হয় মাদকবিরোধী আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন জুরাছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ মঈন উদ্দিন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যক্ষাবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর আলী ইমরান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জুরাছড়ি ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, বিএনপির নেতৃবৃন্দ।
এছাড়া কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি ও সাধারণ সম্পাদক, ভুবন জয় সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শান্তি ময় চাকমা, সুশীল সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, মাদক একটি সামাজিক ব্যাধি। মাদকের ভয়াবহতা থেকে যুব সমাজকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বক্তারা আরও বলেন, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধির পাশাপাশি মাদক ব্যবসা ও মাদক সেবনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। বিশেষ করে তরুণ ও শিক্ষার্থীদের মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে খেলাধুলা, শিক্ষা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়।




