
কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে পাঁচটি লাইসেন্সবিহীন ভাসমান তেল বিক্রয়কারী প্রতিষ্ঠান ও একটি লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী দোকানসহ মোট ছয়টি প্রতিষ্ঠান সিলগালা করা হয়।
বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুবায়েত আহমেদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে মেসার্স ওসাম ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠানকে কার্যক্রম চালু অবস্থায় পাওয়া যায়। লাইসেন্সবিহীনভাবে তেল বিক্রয়ের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অন্য পাঁচটি প্রতিষ্ঠান অভিযানকালে বন্ধ অবস্থায় পাওয়া যায়। এর মধ্যে রাসেল এন্ড কোম্পানি নামের একটি প্রতিষ্ঠানের মালিক উপস্থিত হলে তাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। বাকি চারটি প্রতিষ্ঠানের মালিক বা কোনো কর্মচারীকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
অভিযান শেষে ছয়টি প্রতিষ্ঠানই সিলগালা করে দেওয়া হয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানগুলো সিলগালা অবস্থায় রয়েছে।
উপজেলা প্রশাসন জানিয়েছে, লাইসেন্স ও অনুমোদন ছাড়া তেল বিক্রয়সহ আইনবহির্ভূত কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




