
নওগাঁর পত্নীতলায় পুলিশ সুপারের নির্দেশনায় মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য এসকাপ (ESkuf) উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। অপরদিকে মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে আরও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৮ আগস্ট) বিকেলে পত্নীতলা থানাধীন আবাদিয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় নজরুল শাহের ইটভাটা থেকে মো. রফিকুল ইসলাম (৫২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি ওই এলাকার আমির উদ্দিনের ছেলে।
অভিযানের সময় রফিকুল ইসলামের হেফাজত থেকে ২০ বোতল ভারতীয় তৈরি অবৈধ মাদকদ্রব্য এসকাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
এদিকে, বুধবার (১৯ আগস্ট) পত্নীতলা থানা পুলিশের আরেকটি মাদকবিরোধী অভিযানে মাদক সেবনের অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।




