
শেরপুরের নকলায় ৫০ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাব-১৪।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শিববাড়ী বাইপাস মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—শেরপুরের জিয়াউর ইসলাম জিহাদ (২৫) ও মো. মোশারফ হোসেন (৩৪)।
বৃহস্পতিবার (১০ আগষ্ট) র্যাব-১৪, জামালপুর ক্যাম্পের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল নকলা থানার শিববাড়ী বাইপাস মোড় এলাকায় পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় তল্লাশি চালায়। এ সময় সন্দেহজনকভাবে ওই দুই ব্যক্তিকে আটক করা হয়।
পরে তাদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করে বিশেষ কায়দায় রাখা ৫০ বোতল নেশাজাতীয় এসকাফ সিরাপ উদ্ধার করা হয়। এছাড়া তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, একটি ব্যাটারিচালিত অটোরিকশা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে মাদকদ্রব্য সংগ্রহ করে শেরপুরসহ বিভিন্ন স্থানে বিক্রি করে আসছিল বলে র্যাবের কাছে স্বীকার করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
র্যাব জানায়, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য নকলা থানায় হস্তান্তর করা হয়েছে।




