
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে প্রতিপক্ষের হামলায় মোনায়েম হোসেন নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য নিহত হয়েছেন। গত রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ভায়না বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
মোনায়েম হোসেন ভায়না ইউনিয়নের কালীশংকরপুর গ্রামের মৃত আবুল মন্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাত সাড়ে ৮টার দিকে ভায়না বাজার স্কুলের পাশে মোনায়েম হোসেন দাঁড়িয়েছিলেন। এ সময় প্রতিপক্ষের অজ্ঞাত কয়েকজন তাকে দেশিয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এতে তিনি গুরুতর আহত হন।
এসময় তার চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
হরিণাকুন্ডু থানার ওসি মাসুম খান বলেন, এ ঘটনা কে বা কারা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত নই। তবে ধারণা করা হচ্ছে, পূর্ববিরোধের জেরে তার প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। আমরা ঘটনাটি তদন্ত করে দেখব।




