
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার সোনাপুর ইউনিয়নের বাসাবাড়ি সংলগ্ন এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১০ পরিবারের পাশে দাঁড়িয়েছে উপজেলা প্রশাসন ও স্থানীয় বিএনপি। বৃহস্পতিবার বিকালে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে দুই বান্ডিল করে টিন, নগদ অর্থ ও দুটি করে কম্বল বিতরণ করা হয়েছে।
মাননীয় সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মো. আবুল খায়ের ভূইয়া এমপির নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে এসব সহায়তা বিতরণ করা হয়।
সম্প্রতি ওই এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়। আগুনে তাদের বসতঘর ও ঘরের বিভিন্ন মালামাল পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুনে সর্বস্ব হারিয়ে পরিবারগুলো মানবেতর জীবনযাপন করছিল।
ক্ষতিগ্রস্তদের দুর্দশার কথা বিবেচনা করে তাদের জরুরি সহায়তা হিসেবে টিন, নগদ অর্থ ও কম্বল দেওয়া হয়। এ সময় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন রায়পুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান কাউছার এবং উপজেলা বিএনপির সভাপতি নাজমুল ইসলাম মিঠু।
তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখার কথা জানান।
সহায়তা পেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সংসদ সদস্য মো. আবুল খায়ের ভূইয়া, উপজেলা প্রশাসন ও উপজেলা বিএনপি নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।




