
মৌলভীবাজারের কমলগঞ্জে জেসি চৌধুরী (১৮) নামে এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার মুন্সিবাজার ইউনিয়নের নারায়ণক্ষেত্র গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জেসি চৌধুরী ওই গ্রামের জামাল চৌধুরী ও রুবি বেগম দম্পতির মেয়ে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে চলে যান। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে ঘরের ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে পরিবারের লোকজন মরদেহ নামিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানসহ গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান।
খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি চিরকুটও উদ্ধার করা হয়। চিরকুটে লেখা ছিল— “সবাই আমারে মাফ করে দিও। আমি মানসিক কষ্ট আর নিতে পারছি না।”
নিহতের চাচা কামাল হোসেন চৌধুরী বলেন, সকালে ঘুম থেকে উঠে হাত-মুখ ধোয়ার পর জেসি নিজ কক্ষে যায়। পরে তাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পরিবারের পক্ষ থেকে ইউপি চেয়ারম্যানকে জানানো হয়।
কমলগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) রাজিব রায় বলেন, নিহতের পরিবারের দাবি, জেসি আত্মহত্যা করেছে। ঘটনাস্থল থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।




