
নাটোরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোছাঃ সুমনী আক্তার কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন, ‘শিক্ষার্থীদের পরিশ্রমী, সৎ, যোগ্য, দায়িত্বশীল ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে উঠতে হবে। কঠোর পরিশ্রমের ফলেই এসএসসিতে জিপিএ-৫ অর্জন করেছ। এইচএসসিতে আরও অনেক পড়তে হবে। সেখানে এ ধারাবাহিকতা ধরে রাখতে হবে। জ্ঞান অর্জনের পাশাপাশি নৈতিক ও মানবিক গুণাবলির বিকাশে মনোযোগী হতে হবে। সমাজে আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠতে হবে।’
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস। সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ হুসনেয়ারা খাতুন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম আক্তার।
এ ছাড়া অনুষ্ঠানে বড়াইগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোঃ জুবায়ের জাহাঙ্গীর, বড়াইগ্রাম বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান আসাদ এবং কৃতি শিক্ষার্থী জান্নাতি খাতুন বক্তব্য দেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সজিব আল মারুফ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ নূরে আলম সিদ্দিকী, বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম, বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার শিক্ষক, কৃতি শিক্ষার্থী এবং এলাকার সুধীজন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, বড়াইগ্রাম উপজেলার ২৮টি বিদ্যালয় থেকে ১৬৫ জন, তিনটি মাদ্রাসা থেকে ছয়জন এবং তিনটি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে পাঁচজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে। মোট ১৭৬ জন কৃতি শিক্ষার্থীর হাতে অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।




