
মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেশনাল গ্রামে এক অসহায় নারীর ক্রয় করা সম্পত্তি জোর করে দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় হামিদা আক্তার (২৮) নামে এক নারী আহত হয়েছেন। আহত হামিদাকে টঙ্গিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এ ঘটনায় আমেনা বেগম (৪৫) বাদী হয়ে গত বুধবার (৯ সেপ্টেম্বর) রাতে নুর মোহাম্মদ মাতবর, আমানুর মাতবর ও আমিন মাতবরকে আসামি করে টঙ্গিবাড়ী থানায় একটি অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার কামারখাড়া মৌজার ৭৮৪ নম্বর দাগের ৮০ শতাংশ জমির মধ্যে ৭ শতাংশ সম্পত্তি ক্রয় করে প্রায় ২৫ বছর ধরে ভোগদখল করে আসছেন আমেনা বেগম। তাঁর দাবি, ওই সম্পত্তি নুর মোহাম্মদ গং নিজেদের বলে দাবি করে আসছেন।
অভিযোগে বলা হয়, গত সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে আসামিরা কাঠের ডাসা ও হাতুড়ি নিয়ে অতর্কিত হামলা চালান। এ সময় রান্নাঘর ভাঙচুর করা হয়। রান্না করার সময় হামিদা আক্তার হামলার শিকার হয়ে আহত হন।
আমেনা বেগম বলেন, ‘আমি একজন অসহায় নারী। অনেক কষ্টে ধারদেনা করে সম্পত্তিটি ক্রয় করে প্রায় ২৫ বছর ধরে ভোগদখল করে আসছি। কিছুদিন ধরে তারা আমাকে উচ্ছেদ করার জন্য বিভিন্নভাবে পাঁয়তারা করে আসছে। প্রতিনিয়ত হামলার চেষ্টা চালাচ্ছে। তাদের ভয়ে পরিবার নিয়ে আতঙ্কে বসবাস করছি। যেকোনো সময় তারা আমাদের বড় ধরনের ক্ষতি করতে পারে।’
এ বিষয়ে অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার।




