
কয়েক দিন আগেও যেখানে ছিল পৌরসভার ময়লা-আবর্জনার স্তূপ, দুর্গন্ধ আর জনদুর্ভোগ, সেই স্থানটিই এখন পরিণত হয়েছে ফুল, ফল ও ঔষধি গাছের বাগানে। এমন ব্যতিক্রমী উদ্যোগে বদলে গেছে নরসিংদীর শিবপুরের বানিয়াদি ডিসি রোডের মোড়ের চিত্র।
দীর্ঘদিন ধরে ওই এলাকায় ময়লা-আবর্জনার দুর্গন্ধে অতিষ্ঠ ছিলেন এলাকাবাসী ও পথচারীরা। জনগুরুত্বপূর্ণ সড়কের পাশে ময়লার ভাগাড় থাকায় পরিবেশ দূষণের পাশাপাশি নানা রোগের ঝুঁকি ও চলাচলে সমস্যার সৃষ্টি হচ্ছিল। অবশেষে শিবপুরের সংসদ সদস্য মনজুর এলাহীর নির্দেশনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. ফারজানা ইয়াসমিনের উদ্যোগে সেই ময়লার ভাগাড় পরিষ্কার করে সেখানে ফুল, ফল ও ঔষধি গাছের চারা লাগানো হয়েছে। এতে স্থানীয় বাসিন্দা ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
সাবেক পৌর প্রশাসক ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিমের সহযোগিতায় বাস্তবায়িত এ উদ্যোগটি ইতোমধ্যে স্থানীয়দের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।
সরেজমিনে দেখা যায়, যেখানে আগে ময়লা-আবর্জনার স্তূপ পড়ে থাকত, সেখানে এখন শোভা পাচ্ছে বিভিন্ন ধরনের ফুল, ফল ও ঔষধি গাছ। পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ পথচারীদের দৃষ্টি আকর্ষণ করছে। ময়লার দুর্গন্ধের পরিবর্তে এখন স্থানটি হয়ে উঠেছে সৌন্দর্য ও পরিবেশবান্ধবতার প্রতীক।
স্থানীয়রা বলছেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা ইয়াসমিন দীর্ঘদিনের জনদুর্ভোগের কারণ বানিয়াদি ডিসি রোডের ময়লার ভাগাড় অপসারণ ও সেখানে বাগান তৈরির যে উদ্যোগ নিয়েছেন, তা তাঁর জনবান্ধব প্রশাসনিক কর্মকাণ্ডের একটি উজ্জ্বল দৃষ্টান্ত।
এলাকাবাসীর প্রত্যাশা, বাগানটির নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করা হলে ভবিষ্যতে এটি শিবপুরের একটি দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধব স্থান হিসেবে গড়ে উঠবে।
ময়লার ভাগাড় থেকে ফুল-ফল ও ঔষধি গাছের বাগান—শিবপুরে ইউএনও ফারজানা ইয়াসমিনের এই উদ্যোগ যেন বলে দেয়, সদিচ্ছা ও আন্তরিকতা থাকলে একটি ছোট উদ্যোগও বদলে দিতে পারে পুরো এলাকার চিত্র।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ফারজানা ইয়াসমিন বলেন, ‘জনগণের চলাচলের এই রাস্তায় দীর্ঘদিন ধরে ময়লার ভাগাড় ছিল। মাননীয় সংসদ সদস্য মনজুর এলাহী স্যারের নির্দেশনায় দীর্ঘদিনের এই ময়লার ভাগাড় অন্যত্র সরানো হয়েছে।’




