
গাজীপুরের কাপাসিয়ায় পাবুর বাজার সড়কে পাবুর হাফিজিয়া মাদ্রাসা সংলগ্ন স্থানে একটি নতুন যাত্রী ছাউনি নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। ১১ সেপ্টেম্বর শুক্রবার সকালে সামাজিক সংগঠন পাবুর জনকল্যাণ সংঘের উদ্যোগে এই জনবান্ধব কাজের শুভ উদ্বোধন করা হয়।
পাবুর জনকল্যাণ সংঘের আহবায়ক আলমগীর জাহানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা বিএনপি নেতা ও কাপাসিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো: আজগর হোসেন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মাঝে আরও উপস্থিত ছিলেন পাবুর ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুর রউফ বাচ্চু, বিএনপি নেতা মো: সিরাজুল ইসলাম, বিএনপি নেতা হাছান বেপারি, জমিরউদ্দীন খান, সামছল হক আকন এবং পাবুর জনকল্যাণ সংঘের সদস্য সচিব শাকিল হোসাইনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। যাত্রী ছাউনিটি নির্মিত হলে ওই সড়কে যাতায়াতকারী সাধারণ মানুষ ও মাদ্রাসা শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি দূর হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।




