
মুন্সিগঞ্জ জেলার শ্রীনগরে দেবরের ধারালো অস্ত্রের আঘাতে রিতা আচার্য (৪৫) নামক এক গৃহবধুর মৃত্যু হয়েছে। গত ৫ দিন সে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মঙ্গলবার রাতে ঢাকা পপুলার মেডিকেল কলেজ ও হাসপাতালে তার মৃত্যু হয়। সে শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ভূমি অফিস সংলগ্ন কুয়েত প্রবাসী হরি আচার্যের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে গত ১৩ আগস্ট বৃহস্পতিবার দুপুরে রিতা আচার্যের আপন দেবর মাদকাসক্ত রুহি আচার্য ভাবির ঘরে প্রবেশ করে টাকা চায়। টাকা না দেওয়ার কারণে রুহি তার ভাবিকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। কিছুক্ষণ পর রিতা আচার্যের মেয়ে অর্পা আচার্য স্কুল থেকে বাড়িতে এসে তার মাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার দেয়।
এ সময় তার ডাক চিৎকারে আসে পাশের লোকজন এগিয়ে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য প্রথমে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল নিয়ে ভর্তি করে। দুইদিন পর গৃহবধূ রিতা আচার্যের স্বাস্থ্যের অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পপুলার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আইসিও বেডে ভর্তি করানো হয়। গত মঙ্গলবার রাতে চিকিৎসাধীন অবস্থায় সেখানে তার মৃত্যু হয়।
এ ব্যাপারে শ্রীনগর ওসি জুয়েল মিয়া জানান, আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় হত্যা মামলা হয়েছে।




