
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা ইউনিয়ন কাজী অফিসের কাজী হযরত আলীর বিরুদ্ধে নারী কেলেঙ্কারি, বাল্যবিয়ে প্রদান, প্রথম স্ত্রীর ওপর নির্যাতনসহ বিভিন্ন সমাজবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ তুলে শুক্রবার ১১ সেপ্টেম্বর জুম্মার নামাজ শেষে মসজিদের সাথে রাস্তায় মানববন্ধন করেছেন এলাকাবাসী। একই সঙ্গে তাঁর কাজীর লাইসেন্স ও নিয়োগ অবিলম্বে বাতিলসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, বাংলাবান্ধা ইউনিয়নের সিপাইপাড়ার ফুটকিবাড়ী এলাকায় আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন বয়সী নারী-পুরুষ অংশ নেন। এ সময় তাদের হাতে থাকা ব্যানারে কাজী হযরত আলীর বিরুদ্ধে উত্থাপিত বিভিন্ন অভিযোগের কথা তুলে ধরে তারা।
মানববন্ধনে এলাকাবাসীর অভিযোগ, একজন নিকাহ রেজিস্ট্রারের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল। তাঁর মাধ্যমে বিয়ে নিবন্ধন ও সামাজিকভাবে গুরুত্বপূর্ণ নানা কার্যক্রম সম্পন্ন হয়। অথচ তাঁর বিরুদ্ধে যদি বাল্যবিয়ে সম্পাদন, নারীসংক্রান্ত অনৈতিক কর্মকাণ্ড ও পারিবারিক নির্যাতনের মতো অভিযোগ ওঠে, তাহলে বিষয়গুলো তদন্তের মাধ্যমে দ্রুত তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া উচিৎ ।
বক্তারা বলেন, নারী নির্যাতন ও সামাজিক অনিয়ম কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান এলাকাবাসী।
এলাকাবাসী প্রশাসনের আশুহস্তক্ষেপ কামনা করে বলেন কাজী হযরত আলীর লাইসেন্স ও নিয়োগ বাতিল এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি বাল্যবিয়ে ও নারী নির্যাতনের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে প্রশাসনকে আরও কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
এ ব্যাপারে অভিযুক্ত কাজী হযরত আলীর সঙ্গে যোগাযোগ করা হলে বাসায় পাওয়া যায়নি ।
মানববন্ধন শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি অতি গুরুত্বের সঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান মানববন্ধনে অংশগ্রহনকারীরা।
এ সময় আঃ করিম, মজিবর রহমান, সহ আরো অনেকে জানান আমরা সমাজের সাথে আছি। সমাজের সবাই বিচার চাই আমরা বিচার চাই ।




