
কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে নৌকা ভ্রমণে গিয়ে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কা লেগে ঝিনাইদহের শৈলকুপার পৌর ছাত্রদলের সদস্য সচিব রাকিবুজ্জামান রকি(৩৫) নিখোঁজ হয়েছেন।
শুক্রবার (১১ ই সেপ্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে ১৩০ জন যাত্রী বহনকারী বাল্কহেডের সাথে হার্ডিঞ্জ ব্রিজের পিলারের ধাক্কায় প্রথমে ৩ জন নিখোঁজ হন। পরবর্তীতে দুইজনকে উদ্ধার করা হলেও রাত রকি নিখোঁজ।
নৌকা ভ্রমণে আসা যাত্রীদের থেকে জানা যায়, ঝিনাইদহের শৈলকুপার কাতলা গাড়ি ঘাট থেকে ১৩০ ভ্রমণকারী নিয়ে তারা ভেড়ামারা উপজেলার সোলাইমান শাহ মাজারে বেড়াতে আসেন। এছাড়াও ওই নৌকাতে মাঝিসহ আরও বেশ কয়েকজন লোক ছিল। মাজার বেড়ানো শেষে রাত সোয়া ৯টার সময় তারা হার্ডিঞ্জ ব্রিজের কাছে পৌঁছায়।
এ সময় স্রোতের প্রচণ্ড ধাক্কায় হার্ডিং ব্রিজের চার নাম্বার পিলারের সাথে বাল্কহেডের পেছনের অংশের ধাক্কা লাগে। এ সময় রকি, লিটন ও ওহাব পড়ে যায়। লিটন ও ওহাবকে উদ্ধার করা সম্ভব হলেও রকি নিখোঁজ রয়েছে।
এসময় পদ্মা নদীর ভেড়ামারার বাহিরচর অংশের পুরাতন ফেরিঘাট এলাকায় বাদবাকি ভ্রমণকারীরা অবস্থান গ্রহণ করেন। ঘটনাস্থলে ঈশ্বরদী ফায়ার সার্ভিস, ভেড়ামারা ফায়ার সার্ভিস ও নৌ পুলিশ যৌথভাবে কাজ করছে।
রকির বন্ধু আনিসুজ্জামান বলেন, ‘সে যখন নৌকা থেকে পড়ে গেল, ‘আমি তাকে ধরতে গিয়েছিলাম কিন্তু পারিনি। সে যথেষ্ট শক্তি সামর্থ্যবান ছেলে। সাঁতারে যথেষ্ট দক্ষতা আছে, আশা করছি ফিরে আসবে।’
ভেড়ামারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান বলেন, ‘রকিকে উদ্ধারের জন্য নৌ-পুলিশ, ফায়ার সার্ভিসসহ বেশ কিছু ইউনিট কাজ করছে। বিষয়টি আমরা নজর রাখছি।’
ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার আমিরুল আরাফাত বলেন, ‘ইতোমধ্যে নিখোঁজ দুজন লিটন ও ওহাবকে উদ্ধার করা হয়েছে। রাত্রি হওয়ায় উদ্ধারকাজ কঠিন হচ্ছে। রকিকে উদ্ধারের জোর প্রচেষ্টা চালাচ্ছে বিভিন্ন ইউনিট। আমরা প্রশাসনের সব ইউনিট ঘটনাস্থলে উপস্থিত রয়েছি।’




