
২০২৪ সালের ৫ আগস্ট কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের পতনের পর কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগদান করেও শেষ রক্ষা হলো না উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাবেক এক নেতার। নাশকতা মামলায় তাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত পৌনে ৯টার দিকে উপজেলার বড়শালঘর ইউনিয়নের সৈয়দপুর বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান। গ্রেপ্তার ওই নেতার নাম আলম হাজারী।
তিনি উপজেলার শালঘর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য ও ছোটশালঘর গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আলম হাজারী আওয়ামী লীগ ক্ষমতায় থাকা অবস্থায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ছিলেন। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ২১ ডিসেম্বর দেবিদ্বারের সাবেক সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীর বাসায় আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন তিনি। এরপর থেকে তিনি এলাকায় থেকেই ব্যবসাবাণিজ্যসহ ইউনিয়ন পরিষদ সদস্যের দায়িত্ব পালন করে আসছিলেন।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ‘আওয়ামী লীগের বিভিন্ন মিছিল-মিটিংয়ে অর্থের জোগানদাতা হিসেবে নাশকতা মামলায় আলম হাজারীকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে শনিবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’




