
খুলনার দৌলতপুরে পূর্ব শত্রুতার জের ধরে মোঃ জলিল মুন্সি নামের এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে দৌলতপুর থানার কুলিবাগান বটতলার অদূরে একটি অফিসের সামনে গুলি করে তাকে হত্যা করা হয়।
জলিল সংশ্লিষ্ট থানা এলাকার সাধু বাগানের দিলুর মুন্সির ছেলে। তিনি পেশায় একজন পাট শ্রমিক ছিলেন বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, কুলির বাগান এলাকায় দিলুর বাবার একটি পানের দোকান রয়েছে। সেখানে যাওয়ার জন্য সাথে এক যুবককে নিয়ে সকাল পৌনে ৮টার দিকে বাসা থেকে রওনা হয়। এর কিছুক্ষণ পর ফোনটি বেজে ওঠে। ফোনে তর্কতর্কি হয়। এরপর কুলিরবাগান বটতলা থেকে দুইগজ দূরে যাওয়া মাত্র একটি মোটরসাইকেলে আসা তিন ব্যক্তির সাথে দিলুর কথা কাটাকাটি হয়।
এক পর্যায়ে তিনজন যুবকের মধ্যে একজন তাকে লক্ষ্য করে পরপর দুইটি গুলি করে। তার বুকের ডান পাশে ও পিঠের বাম পাশে গুলি দুইটি বিদ্ধ হয়। ঘটনাস্থল থেকে পুলিশ একটি তাজা গুলি উদ্ধার করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কেএমপি উপ-পুলিশ কমিশনার (উত্তর) সুদর্শন কুমার রায় বলেন, খবর জেনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। কাউকে এখনও পর্যন্ত আটক করা সম্ভব হয়নি। কি কারণে বা কারা এ হত্যাকাণ্ডের সাথে জড়িত তা জানার চেষ্টা করছি। তবে পুলিশের একটি তথ্য থেকে জানা গেছে পিচ্ছি রাসেল এ হত্যাকান্ডের সাথে থাকতে পারে।




