
শিশুদের মাঝে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পবিত্র জীবন, আদর্শ ও সুন্নাহ সম্পর্কে জ্ঞান ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে গোলাপগঞ্জে আয়োজন করা হয় ‘ছোটদের সীরাত প্রতিযোগিতা ২০২৬’। বায়তুল আমান নিশ্চিন্ত, গোলাপগঞ্জ সিলেটের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় ৩০ জন শিশু শিক্ষার্থী অংশগ্রহণ করে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর ২০২৬ ইং) বায়তুল আমান নিশ্চিন্তে এ প্রতিযোগিতার পরীক্ষা বাদ জুমুআ (দুপুর ২টা) এবং একই দিন বিকেল ৩টায় পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মেহমান, সাবাহি মক্তব শিক্ষা বোর্ড ঢাকাদক্ষিণ এর পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা আনোয়ার হোসেন হেলালী বলেন, নবীজি হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনী বা সীরাত অধ্যয়ন করা প্রতিটি মুমিনের জন্য গুরুত্বপূর্ণ দায়িত্ব। সেই লক্ষ্যেই শিশু-কিশোরদের ছোটবেলা থেকেই মহানবী (সা.)-এর জ্যোতির্ময় জীবন, চরিত্র ও আদর্শের সঙ্গে পরিচিত করে তুলতে প্রতিযোগিতার আয়োজন করা অপরিহার্য। এ ধরনের আয়োজনের মাধ্যমে কোমলমতি শিশুদের মধ্যে রাসুলুল্লাহ (সা.)-এর প্রতি ভালোবাসা সৃষ্টি হবে এবং তাঁর আদর্শ অনুসরণ করে সুন্দর জীবন গঠনের অনুপ্রেরণা পাবে।
আয়োজিত সীরাত প্রতিযোগিতার পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়া প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকলের জন্য পুরস্কার প্রদান করেন আয়োজক কর্তৃপক্ষ।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের দেয়া হয় নগদ অর্থসহ ক্রেস্ট। পাশাপাশি বিশেষ পুরস্কার হিসেবে ৩ জনকে দেয়া হয় নগদ অর্থসহ বই।
বায়তুল আমানের পরিচালক হাফিয নোমান মাহফুজের সঞ্চালনায় উপস্থিত ছিলেন তারেক আহমদ, মাওলানা হুসাইন আহমদ, আব্দুল্লাহ আল মুমিন, সহকারী শিক্ষক জাকারিয়া আহমদ, হাফিয আন নাজমুস সাকিব, আজহার আহমদ প্রমুখ।




