
ডেঙ্গু প্রতিরোধে দেশব্যাপী তিন মাসের পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক অভিযান শুরু হয়েছে । এর অংশ হিসেবে মানিকগঞ্জের ঘিওরেও শুরু হয়েছে বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম ।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান । একই সময়ে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঘিওর উপজেলা প্রশাসনেও কর্মসূচির উদ্বোধন করা হয় । উদ্বোধনী অনুষ্ঠান শেষে এ উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর সহ আশেপাশের এলাকায় পরিচ্ছন্নতা কর্মী দ্বারা পরিচ্ছন্নতা শুরু করা হয় ।
ঘিওর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাশিতা-তুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, রমনা রেজিমেন্ট ব্যাটেলিয়ন-৪-এর সামরিক প্রশিক্ষক ল্যান্স করপোরাল মো. রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা তহমিনা খাতুন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মীর মানিকুজ্জামান মানিক, সহসভাপতি আবু কাউছার রেজা, ঘিওর প্রেসক্লাবের সহসভাপতি সোহেল রানা খন্দকার, প্রধান শিক্ষিকা সেলিনা আক্তারসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষার্থী ও বিএনসিসির স্বেচ্ছাসেবক দল।
সরকারের ঘোষণা অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তিন মাস চলবে এ অভিযান । কর্মসূচির আওতায় এডিস মশার সম্ভাব্য প্রজননস্থল চিহ্নিত ও ধ্বংস, জমে থাকা পানি ও আবর্জনা পরিষ্কার এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা তৈরির ওপর গুরুত্ব দেওয়া হয় ।
প্রতি শনিবার দেশের জেলা, উপজেলা, পৌরসভা ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে । সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে শুধু সরকারি উদ্যোগ যথেষ্ট নয়। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি বাড়িঘর, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে জনসাধারণের সক্রিয় অংশগ্রহণ জরুরি ।




