
দীর্ঘ ১৮ বছরের বিভক্তির অবসান ঘটিয়ে অবশেষে ঐক্যবদ্ধ হলো সিলেটের গোলাপগঞ্জ প্রেসক্লাব। দীর্ঘদিনের মতবিরোধ, দূরত্ব ও বিভাজন পেরিয়ে গোলাপগঞ্জের সাংবাদিক সমাজ এখন একটি অভিন্ন প্ল্যাটফর্মে দাঁড়িয়েছে। আগামী ৩ অক্টোবর ২০২৬, শনিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচন।
জানা যায়, গত রমজান মাসে একটি প্রেসক্লাবের পাশাপাশি আরেকটি কমিটি গঠনের পর সাংবাদিক সমাজে বিভাজন ও মতবিরোধ দেখা দেয়। পরিস্থিতির শান্তিপূর্ণ সমাধানের লক্ষ্যে সাংবাদিক মোঃ বদরুল আলম, শাহ আলম ও অ্যাডভোকেট দেলোয়ার হোসেন মাহমুদ উদ্যোগ নিয়ে সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা শুরু করেন। তাদের উদ্যোগে উভয় পক্ষের সাংবাদিকদের মধ্যে ধারাবাহিক মতবিনিময় ও আলোচনার মাধ্যমে ঐক্যের পথ তৈরি হয়।
এ সময় বিশিষ্ট সাংবাদিক ও গোলাপগঞ্জ প্রেসক্লাবের ভবন দাতা আনোয়ার শাহজাহান এবং সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান গুরুত্বপূর্ণ সহযোগিতা করেন।
আলোচনার ধারাবাহিকতায় সাধারণ সভার মাধ্যমে সর্বসম্মতিক্রমে নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। এতে দায়িত্ব পান আনোয়ার শাহজাহান, অ্যাডভোকেট দেলোয়ার হোসেন দিলু ও শহিদুর রহমান সুহেদ।
পরবর্তীতে গোলাপগঞ্জের আরও একটি বিভক্ত সাংবাদিক প্ল্যাটফর্মকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হয়। সিনিয়র সাংবাদিক আব্দুল আহাদের উদ্যোগে সাংবাদিকদের নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। দীর্ঘ আলোচনার পর সবাই একটি ঐক্যবদ্ধ প্রেসক্লাব গঠনে সম্মতি প্রকাশ করেন। পরে নির্বাচন পরিচালনার জন্য আব্দুল আহাদ ও সাংবাদিক আবুল কালামের নাম যুক্ত করা হয়। এর মধ্য দিয়ে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন গঠিত হয়।
ঐক্যের পর নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম শুরু হলে প্রায় ১৫০ জন সদস্য হওয়ার জন্য আবেদন করেন। যাচাই-বাছাই শেষে ৮৪ জনকে গোলাপগঞ্জ প্রেসক্লাবের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়।
আগামী ৩ অক্টোবর অনুষ্ঠিতব্য নির্বাচনকে ঘিরে সাংবাদিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, দীর্ঘদিনের বিভক্তির পর এই নির্বাচন গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের জন্য একটি নতুন অধ্যায়ের সূচনা করবে।
উদ্যোক্তাদের পক্ষ থেকে বলা হয়েছে, এই ঐক্য কোনো একক ব্যক্তি বা পক্ষের অর্জন নয়; এটি গোলাপগঞ্জের সাংবাদিক সমাজের সম্মিলিত সাফল্য। পারস্পরিক শ্রদ্ধা, আলোচনা ও সমঝোতার মাধ্যমে দীর্ঘদিনের বিভেদ দূর করে একটি শক্তিশালী ও পেশাদার সাংবাদিক সংগঠন গড়ে তোলাই তাদের লক্ষ্য।
তারা আশা প্রকাশ করেন, ঐক্যবদ্ধ গোলাপগঞ্জ প্রেসক্লাব সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার, সত্য ও ন্যায়ের পক্ষে একটি শক্তিশালী প্রতিষ্ঠান হিসেবে আগামী দিনে আরও কার্যকর ভূমিকা রাখবে।




