
চাঁদপুরের কচুয়ায় মাদকবিরোধী অভিযানে ১৫৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২০০ গ্রাম গাঁজাসহ ৩ জনকে আটক করেছে কচুয়া থানা পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের কড়ইয়া মৎস্য আড়তের পশ্চিম পাশে অভিযান চালিয়ে *মো. হাসান (২৩) ও রুবেল (২৬)*কে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ৪৬ হাজার ৫০০ টাকা।
একই দিন রাত ৭টা ১০ মিনিটের দিকে সাচার উত্তর বাজার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে পেয়ার আলী মুন্সী (৫০) নামে আরও একজনকে আটক করা হয়। তার কাছ থেকে ২০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ৬ হাজার ৪০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়।
পুলিশ জানিয়েছে, আটক তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী পৃথক মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) আটক তিনজনকে বিধি মোতাবেক পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।




