
ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ির আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঐক্যবদ্ধভাবে গণসচেতনতা গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।
তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু সরকারের একার পক্ষে কাজ করা সম্ভব নয়। এ জন্য প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশে যাতে পানি জমে মশার প্রজননস্থল তৈরি না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে। পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমানের তিন মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।
শনিবার দুপুরে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে এবং রূপগঞ্জ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আয়োজনে পাড়াগাঁও ঈদগাহ মাঠে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মেডিকেল ক্যাম্পে ১৩টি পৃথক বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা রোগীদের চিকিৎসাসেবা দেন। এ সময় কয়েক হাজার মানুষকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও প্রয়োজনীয় ওষুধ দেওয়া হয়।




