
ফরিদপুরের মধুখালীতে ধানক্ষেতের পাশ থেকে তিনটি প্লাস্টিকের বস্তায় ভরা অজ্ঞাতনামা এক পুরুষের ছয় টুকরো করা পচাগলা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার রায়পুর ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের বোয়ালিয়া বাসস্ট্যান্ডসংলগ্ন এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বোয়ালিয়া বাসস্ট্যান্ড থেকে প্রায় ২০০ গজ দূরে ফরিদপুরগামী সড়কের ডান পাশে লাভলু মল্লিক ও ইসহাক মিয়ার ধানক্ষেতের পাশে একটি তালগাছের গোড়ায় শনিবার দুপুরে মুখ বাঁধা তিনটি প্লাস্টিকের বস্তা দেখতে পান স্থানীয় পথচারীরা। এসময় বস্তাগুলো থেকে প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। বিষয়টি জানিয়ে তারা জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করেন।
খবর পেয়ে মধুখালী-বোয়ালমারী-আলফাডাঙ্গা সার্কেলের সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান এবং মধুখালী থানার এসআই মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে যান। পরে স্থানীয়দের উপস্থিতিতে বস্তা তিনটির মুখ খুললে ভেতর থেকে আনুমানিক ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা পুরুষের মরদেহের ছয়টি বিচ্ছিন্ন অংশ উদ্ধার করা হয়।
পুলিশ ঘটনাস্থলেই মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। তবে নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি।
সহকারী পুলিশ সুপার মাসুদুজ্জামান জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে পরিচয় শনাক্ত না হলে ধর্মীয় রীতি অনুযায়ী দাফনের জন্য আঞ্জুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ঘটনার রহস্য উদঘাটন এবং নিহত ব্যক্তির পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা, দুর্বৃত্তরা অন্য কোনো স্থানে ওই ব্যক্তিকে হত্যা করে মরদেহের টুকরোগুলো তিনটি প্লাস্টিকের বস্তায় ভরে ঘটনাস্থলে ফেলে রেখে যেতে পারে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।




