
অর্থের অভাবে দীর্ঘদিন ধরে চিকিৎসা করাতে পারছেন না পটুয়াখালীর গলাচিপা উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কালিকাপুর গ্রামের বুদ্ধি প্রতিবন্ধী লামিয়া (২১)। মেয়ের চিকিৎসার খরচ জোগাতে গিয়ে পরিবারের সঞ্চয় ও সামর্থ্যের শেষটুকুও হারিয়ে এখন মানুষের দ্বারে দ্বারে ঘুরছেন তার বাবা রিকশাচালক আবুল কালাম।
পরিবার সূত্রে জানা যায়, প্রায় চার বছর ধরে অসুস্থ লামিয়া। মেয়ের চিকিৎসার জন্য বিভিন্ন জায়গায় চিকিৎসা করাতে গিয়ে ইতোমধ্যে পরিবারের সঞ্চয়ের পুরোটা ব্যয় হয়েছে। বর্তমানে অর্থের অভাবে নিয়মিত চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ চালিয়ে নেওয়া সম্ভব হচ্ছে না।
রিকশা চালিয়ে সংসার চালানো আবুল কালামের পক্ষে মেয়ের ব্যয়বহুল চিকিৎসার খরচ বহন করা কঠিন হয়ে পড়েছে। বর্তমানে লামিয়া ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। তবে চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় অনিশ্চয়তার মধ্যে পড়েছে তার চিকিৎসা।
মেয়েকে সুস্থ করে তুলতে সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন আবুল কালাম। মেয়ের চিকিৎসায় সহায়তার জন্য সামর্থ্যবানদের এগিয়ে আসার আকুতি জানিয়েছে পরিবার।




