
ইনসাফপূর্ণ সমাজ প্রতিষ্ঠা ও অর্থনৈতিক মুক্তি অর্জনে যাকাত ব্যবস্থার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. শামসুল আলম।
তিনি বলেন, অর্থনৈতিক মুক্তি অর্জন এবং সমাজে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠায় মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আদর্শ ও শিক্ষা অনুসরণ করতে হবে। রাসুলুল্লাহ (সা.)-এর প্রদর্শিত অর্থনৈতিক নীতি বাস্তবায়ন ছাড়া শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে দেবিদ্বার উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলা সীরাত উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত ‘অর্থনৈতিক মুক্তি ও ইনসাফপূর্ণ সমাজ গঠনে রাসুলুল্লাহ (সা.)-এর শিক্ষা’ শীর্ষক আলোচনা সভা ও সেমিনারে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা উত্তর জেলার আমীর অধ্যাপক আবদুল মতিনের সভাপতিত্বে এবং জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদের সঞ্চালনায় সেমিনারে প্রধান অতিথি ছিলেন ঢাকার যাত্রাবাড়ী তামিরুল মিল্লাত কামিল মাদরাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী।
সেমিনারে আরও বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক লোকমান হাকিম ভূঁইয়া, জেলা শূরা ও কর্মপরিষদ সদস্য অধ্যাপক মো. শহীদুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মিজানুর রহমান আতিকী, দেবিদ্বার ইসলামিয়া কামিল মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, দেবিদ্বার সুজাত আলী সরকারি কলেজের সাবেক ভিপি গোলাম মোস্তফা সরকার, বাঙ্গরা বাজার উপজেলা আমীর মাস্টার আব্দুর রহিম এবং জাতীয় নাগরিক পার্টির দেবিদ্বার উপজেলা শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম।




