
লক্ষ্মীপুরের রামগতিতে জামায়াতে ইসলামীর দুই শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন। শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধা ৬ টার দিকে রামগতি পৌরসভার এক নম্বর ওয়ার্ড বিএনপির এক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে তারা বিএনপিতে যোগদান করেন। এসময় তাদেরকে বরণ করে নেন রামগতি পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি সাহেদ আলী পটু।
জানা যায়, রামগতি পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেলের নেতৃত্বে ইউনিট সভাপতি মাস্টার আজিজুল হক চৌধুরী, মো. ইসমাইল, নুরুল আমিন, মো. বেলাল, আ. করিম, আবুল কালাম, হাফিজ উল্লাহ, ইউনুছ, মো. হোসেন, সেলামত মিয়া, ইউছুফ ও মো. জবিউল্লাহ সহ প্রায় দুইশতাধিক জামায়াত নেতাকর্মী আনুষ্ঠানিক ভাবে বিএনপিতে যোগদেন।
যোগদানের বিষয়টি নিশ্চিত করে রামগতি পৌরসভার এক নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাসান উদ্দিন রাসেল বলেন, আমি দীর্ঘদিন ধরে জামায়াতের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলাম। বর্তমান কমিটির ওয়ার্ড সেক্রেটারি হিসেবে আছি। আজ শনিবার জামায়াতের কর্মী, সদস্য ও সমর্থক মিলে প্রায় দুই শতাধিক জামায়াত নেতাকর্মী নিয়ে আমরা বিএনপিতে যোগ দিয়েছি। বাকী জিবনটা বিএনপির সাথে থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করে যাবো।
শনিবার রাত ৮ টার দিকে মুঠোফোনে রামগতি পৌরসভা বিএনপির সভাপতি ও সাবেক মেয়র সাহেদ আলী পটু বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির সুশৃঙ্খল নেতৃত্ব ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন- অগ্রযাত্রায় অনুপ্রাণিত হয়ে দুইশতাধিকের বেশী জামায়াতের নেতাকর্মী বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে তাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি বরণ করে নিয়েছি।




