
কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের (উত্তর) পাড়ায় একটি পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে অজ্ঞাতনামা এক কিশোরের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দিবাগত রাত ১০টার দিকে মনোহরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেলে নাথেরপেটুয়া ইউনিয়নের বিনয়ঘর গ্রামের (উত্তর) পাড়ায় একটি পরিত্যক্ত বাড়িতে গাছ কাটতে যান স্থানীয় শ্রমিকেরা। গাছ কাটা শেষে পরিত্যক্ত ওই বাড়ির পুকুর পাড়ি দিয়ে গাছ পার করার সময় কচুরিপানায় ঢাকা একটি গলিত লাশ ভেসে ওঠে। এ সময় চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়। পরে মনোহরগঞ্জ ও নাঙ্গলকোট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে।
এদিকে লাশ উদ্ধারের খবর এলাকায় ছড়িয়ে পড়লে নাঙ্গলকোট উপজেলার মক্রবপুর ইউনিয়নের টুয়া গ্রাম থেকে প্রায় দেড় মাস আগে নাঙ্গলকোট এলাকা থেকে অটোরিকশাসহ নিখোঁজ হওয়া এক অটোরিকশাচালকের স্বজনেরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরনের কাপড়চোপড় দেখে তাঁরা লাশটি তাঁদের স্বজনের বলে প্রাথমিকভাবে শনাক্ত করেন।
ভুক্তভোগীর নানা মুশফিকুর রহমান মানছুর বলেন, তাঁর নাতির নাম আরমান হোসেন (১৫)। তার বাড়ি সিলেটে। সে নানার বাড়িতে থাকত এবং একটি মিশুক গাড়ি (অটোরিকশা) চালাত। প্রায় ১ মাস ১৬ দিন আগে নাঙ্গলকোট এলাকা থেকে অটোরিকশাসহ সে নিখোঁজ হয়।
এ বিষয়ে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনুর ইসলামের সঙ্গে কথা হলে তিনি বলেন, প্রায় দেড় মাস আগে নাঙ্গলকোট থেকে অটোরিকশাসহ আরমান নামের একটি ছেলে নিখোঁজ হয়। এ ঘটনায় অপহরণের অভিযোগে নাঙ্গলকোট থানায় একটি মামলা হয়। মামলায় তিনজনকে গ্রেপ্তারও করা হয়েছে। তবে শনিবার দিবাগত রাতে মনোহরগঞ্জে উদ্ধার হওয়া লাশটি অটোরিকশাচালক আরমানের কি না, তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না।
মনোহরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদ আহমেদের সঙ্গে কথা হলে তিনি বলেন, শনিবার দিবাগত রাত ১০টার দিকে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এক মাসেরও বেশি সময় ধরে লাশটি কচুরিপানার নিচে চাপা অবস্থায় ছিল। উদ্ধার কার্যক্রম শেষে লাশটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। রোববার সকালে ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর কথা জানান তিনি। লাশের পরিচয় শনাক্তের জন্য ডিএনএ পরীক্ষার আবেদন করা হয়েছে।




