
ঢাকার আশুলিয়ায় ক্লথিং কার্নিভালস লিমিটেড নামে একটি পোশাক কারখানার তিন মাসের বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবিতে কারখানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী শ্রমিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দ।
রোববার দুপুরে আশুলিয়ার বুড়িবাজার এলাকায় কারখানাটির প্রধান ফটকের সামনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়। এ সময় শ্রমিকরা দ্রুত তাদের বকেয়া বেতন-ভাতা ও অন্যান্য পাওনাদি পরিশোধের দাবি জানান।
অবস্থান কর্মসূচিতে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে দুই শতাধিক শ্রমিক তাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত হয়ে আসছেন। তিন মাসের বেতন-ভাতা বকেয়া থাকলেও কারখানা কর্তৃপক্ষ বারবার পরিশোধের আশ্বাস দিয়ে সময়ক্ষেপণ করছে। এতে শ্রমিকরা পরিবার-পরিজন নিয়ে চরম আর্থিক সংকটে পড়েছেন।
বক্তারা আরও বলেন, ঢাকা-১৯ আসনের সংসদ সদস্যের প্রতি তাদের আকুল আবেদন দলের নাম ব্যবহার করে কেউ যেন শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করতে না পারে, সে বিষয়ে তিনি প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। শ্রমিকদের পাওনা পরিশোধে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়ারও দাবি জানান তারা।
অবস্থান কর্মসূচিতে শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন, মোহাম্মদ আক্কাছ আলী সাগরসহ ভুক্তভোগী শ্রমিকরা অংশগ্রহণ করেন।




