
গোপালগঞ্জের কাশিয়ানীর অদূরে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। হত্যার পর নিহতের হাত-পা ও গলা কেটে মরদেহ কয়েক টুকরা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় আরও দুজনকে কুপিয়ে জখম করা হয়েছে।
মর্মান্তিক এ ঘটনা ঘটেছে শনিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের মৃত ছত্তার শেখের ছেলে মো. রবিউল ইসলাম রবি কাশিয়ানী বাজারে নিজের চায়ের দোকান বন্ধ করে পাঁচজনের সঙ্গে একটি ভ্যানে করে বাড়ি ফিরছিলেন। মালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়।
হামলাকারীরা রবিউল ইসলাম রবিকে কুপিয়ে হত্যা করে। পরে তার হাত-পা ও গলা কেটে মরদেহ কয়েক টুকরা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। এ সময় রবির সঙ্গে থাকা মো. মোক্তার হোসেন শেখ (৫২) ও মো. হৃদয় শেখ (২৩)কেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।
স্থানীয়রা আহত মোক্তার শেখ ও হৃদয় শেখকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী হাসপাতালে নিয়ে যান। পরে তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসনাত খান হত্যাকাণ্ডের সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী জানায়, প্রায় দুই মাস আগে ২৬ জুন একই গ্রামের আলাউদ্দিন শেখ ওরফে আলা শেখের কলেজপড়ুয়া ছেলে সুমনকে (২৩) ডেকে নিয়ে দিনের বেলায় গ্রামের সড়কে প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহত সুমনের ভাই শামীম শেখ বাদী হয়ে ১৭ জনকে আসামি করে থানায় মামলা করেন।
পুলিশ এ মামলায় মো. কবির ও জনিপ শেখ নামের দুজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে বলে জানা গেছে।




