
পটুয়াখালীর দশমিনা উপজেলার ৪নং দশমিনা ইউনিয়ন পরিষদের প্রশাসকের দায়িত্ব থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদ হাসান মৃধাকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান-১ মো. শাহজাহান প্যাদাকে পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার ক্ষমতা দেওয়া হয়েছে।
গত ১০ সেপ্টেম্বর পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয় থেকে এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত আদেশে বলা হয়, স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারা ও স্থানীয় সরকার বিভাগের নির্দেশনার পরিপ্রেক্ষিতে নাগরিক সেবা ও পরিষদের কার্যক্রম সচল রাখতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টার দিকে ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা জেলা প্রশাসকের ওই অফিস আদেশটি ইউএনও মিডিয়া সেল হোয়াটসঅ্যাপ গ্রুপে সাংবাদিকদের সঙ্গে শেয়ার করেন।
আদেশ অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্যানেল চেয়ারম্যান-১ মো. শাহজাহান প্যাদা ইউনিয়ন পরিষদের আর্থিক ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করবেন। আদেশটি অবিলম্বে কার্যকর করা হয়েছে।
এ বিষয়ে প্যানেল চেয়ারম্যান মোঃ শাহজাহান প্যাদা বলেন, আমি দীর্ঘ ১০ বছর ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছি। পরে ২০২৪ সালের ৫ই আগস্টের পর থেকে বিভিন্ন মেয়াদে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেখি এই পরিষদের প্রশাসনিক ক্ষমতা দেওয়া হয়েছে তাদের। এরপর আজ আমি আবার নতুন করে দায়িত্বকে আমি ব্যক্তিগত অর্জন হিসেবে নয়, জনগণের সেবা করার সুযোগ হিসেবে দেখছি। জেলা প্রশাসন আমার ওপর যে আস্থা রেখেছে, তার মর্যাদা রক্ষায় সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সঙ্গে দায়িত্ব পালন করব।
তিনি আরও বলেন, ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা যাতে কোনোভাবেই ব্যাহত না হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে। এ দায়িত্ব পালনে পরিষদের সদস্য, কর্মকর্তা-কর্মচারী ও সাধারণ মানুষের সহযোগিতা চাই। আমাকে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং সুষ্ঠুভাবে দায়িত্ব পালনের জন্য সবার দোয়া কামনা করছি।




