
আজমিরীগঞ্জের বদলপুর ইউনিয়নের পিরিছপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে ধসে শিক্ষক-শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় বিদ্যালয়টি সরেজমিনে পরিদর্শন করেছেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।
রবিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে পরিদর্শনকালে সংসদ সদস্য ধসে যাওয়া মেঝে ও ক্ষতিগ্রস্ত অংশ ঘুরে দেখেন। তিনি বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে দুর্ঘটনার বিষয়ে বিস্তারিত খোঁজখবর নেন।
এ সময় দুর্ঘটনায় আহত শিক্ষিকা ও শিক্ষার্থীদের শারীরিক অবস্থারও খোঁজ নেন তিনি। আহতদের সঙ্গে কথা বলে তাদের সান্ত্বনা দেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
বিদ্যালয়ের ক্ষতিগ্রস্ত অংশ পরিদর্শন করে দ্রুত সংস্কারের জন্য উপজেলা এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলামকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন সংসদ সদস্য। একই সঙ্গে শিক্ষার্থী ও শিক্ষকদের নিরাপত্তার বিষয়টিকে গুরুত্ব দিয়ে দ্রুত সংস্কারকাজ সম্পন্ন করার তাগিদ দেন তিনি।
এর আগে বিদ্যালয়টিতে পাঠদান চলাকালে হঠাৎ শ্রেণিকক্ষের মেঝের বড় একটি অংশ ধসে পড়ে। এতে সহকারী শিক্ষক রুমা আক্তার এবং শিক্ষার্থী রাহিম বাদশা, আব্দুল মান্নান, মোজাক্কির ও আজিনুর আহত হয়। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।
বিদ্যালয় সূত্রে জানা যায়, ২০১৮ সালে ভবনটির নির্মাণকাজ শুরু হয় এবং ২০২২ সালে তা হস্তান্তর করা হয়। পাঁচ কক্ষবিশিষ্ট ভবনটিতে চারটি শ্রেণিকক্ষ ও একটি অফিসকক্ষ রয়েছে। ভবনটি দুইতলা ফাউন্ডেশনের ওপর নির্মিত।
মেঝে ধসের ঘটনায় ভবন নির্মাণের মান নিয়েও প্রশ্ন উঠেছে। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের সময় মেঝের নিচে যথাযথভাবে কাজ করা হয়নি। তবে ঠিকাদারের দাবি, বিদ্যালয়ের পাশের সেচের ড্রেনের পানিতে মাটি সরে যাওয়ার কারণে মেঝে ধসে যেতে পারে।
এদিকে, দুর্ঘটনার পর বিদ্যালয় ভবনের নিরাপত্তা নিয়ে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ভবনের নির্মাণমান যাচাই এবং মেঝে ধসের প্রকৃত কারণ নির্ণয়ের পাশাপাশি দ্রুত সংস্কারের উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন স্থানীয়রা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ভারপ্রাপ্ত মোঃ জসীম উদ্দিন চৌধুরী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শেখ মোঃ রফিকুল ইসলাম, এলজিইডির উপসহকারী প্রকৌশলী শরিফুল ইসলাম, আজমিরীগঞ্জ উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শিক্ষার্থীদের অভিভাবকেরা।




