
কুষ্টিয়ার দৌলতপুরের পল্লীতে জমির সীমান নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের হাসুয়ার কোপে ছোট ভাই ইমদাদুল হক বাদাল (৫০) নিহত হয়েছে। এ সময় সংঘর্ষ ঠেকাতে গিয়ে বাবুল (৩২) নামে একজন প্রতিবেশী গুরুতর আহত হয়েছে। তাকে কুষ্টিয়া জেলারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের শেহালা বাদালতলা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার দায়ে নিহতের বড়ভাই বজলুর রহমান (৬০) ও তার স্ত্রীকে আটক করেছে।
নিহত ইমদাদুল হক বাদাল ওই এলাকার সুলতান বাদালের ছেলে। তিনি পেশায় একজন কৃষক। ঘটনায় তার আপন বড় ভাই বজলুর রহমান বাদালের বিরুদ্ধে হত্যাকান্ডের অভিযোগ উঠেছে।
থানা পুলিশ ও এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে তাদের পৈতৃক সম্পত্তির সীমানা নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ চলছিল। রোববার সন্ধ্যা এ নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বড় ভাই বজলুর রহমান হাসুয়া দিয়ে ছোট ভাই ইমদাদুলকে আঘাত করেন। এতে তিনি মারাত্মক জখম হন। পরিবারের সদস্য ও স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়। এ ঘটনার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে দৌলতপুর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, জমির রাস্তা সংক্রান্ত বিরোধের জেরে বড় ভাই বজলুর রহমান বাদাল এর হাসুয়ার কোপে ছোট ভাই এমদাদুল হক বাদাল নিহত হয়েছেন। আমি বর্তমানে ঘটনাস্থলে আছি।
মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনার মূল অভিযুক্তদের আটক করা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারসহ আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান আছে বলে জানান তিনি।




