
সদ্য পৃথিবীতে আসা ছোট বোনকে দেখে বাবার মোটর সাইকেলে চড়েই বাড়ি ফিরছিলো ২ শিশু। কিন্তু পথিমধ্যেই ঘাতক ট্রাক কেড়ে নিলো বাবার প্রাণ। তাই বাবার নিথর প্রাণহীন দেহটি রেখেই ফায়ার সার্ভিসের গাড়ীতে বাড়ী ফিরতে হলো অবুঝ দুই শিশুকে।
বুধবার (১৯ আগস্ট) রাতে এমনই এক হৃদয় বিদারক ঘটনা ঘটে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের ঈশ্বরদীস্থ ঢুলটি বাজার এলাকায়।
নিহত যানবাহন শ্রমিক বাহারুল (৪৫) ঈশ্বরদী পৌরসভার মাহাতাব কলোনী এলাকার মৃত আফিল উদ্দিনের ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, পাবনা সদর থানাধীন আট মাইল এলাকায় শ্বশুরালয়ে ১১ দিন বয়সী শিশু কন্যা ও স্ত্রীকে দেখতে মোটর সাইকেল যোগে যান বাহারুল। সেখান থেকে ২ সন্তানকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরার পথেই ঢুলটি বাজার এলাকায় আসলে পাশাপাশি দুই মোটর সাইকেলের ধাক্কা লাগলে ছিটকে পরেন তারা।
এ সময় দ্রুত গতিতে ধেয়ে আসা একটি ট্রাকের সাথে বাহারুলের ধাক্কা লাগলে সে মাথায় চোট পায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বাবার মৃত্যু হলেও দুই শিশু প্রায় অক্ষতই রয়ে যায়। পরে শিশু দুটিকে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।
ঈশ্বরদী থানার ওসি মো. আশাদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করেছে। ঘাতক ট্রাকটি নিয়ে চালক পালিয়ে যাওয়ায় আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাক ও চালককে শনাক্ত করার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।




