
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে দুটি রেস্টুরেন্টকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ দিদারুল আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ধারায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও পরিবেশনের অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।
জরিমানাকৃত প্রতিষ্ঠান দুটি হলো—পাটগাতীর সাথী সুইট ও মায়ের দোয়া বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্ট। সাথী সুইটের মালিক মো. হাসিব বিশ্বাসকে ৭ হাজার টাকা এবং মায়ের দোয়া বিরিয়ানি হাউস অ্যান্ড রেস্টুরেন্টের মালিক মো. তুহিন হোসেনকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়। দুই প্রতিষ্ঠানকে মোট ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় কৃষি বিপণন কর্মকর্তা মোহাম্মদ জাকির হোসেনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জনস্বার্থে এবং খাদ্যপণ্যের মান ও পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




