
শেরপুরের নকলায় বানেশ্বর্দী ইউনিয়নের ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাকের আহমেদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
নকলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রফিকুল ইসলামের সভাপতিত্বে এবং ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আজিজুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা গোলাম রব্বানী, বানেশ্বর্দী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খন্দকার আছাদুজ্জামান আনার, জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক রায়হান উদ্দিন, জাসাস নকলা উপজেলা শাখার যুগ্ম আহ্বায়ক রোবায়েত হোসেন, ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য ছামেদুল হক প্রমুখ।
বক্তারা অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকের আহমেদের দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন এবং শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তাঁর সুস্থতা ও অবসরজীবনের সুখ-শান্তি কামনা করেন।
এসময় উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে ভূরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক শাকের আহমেদকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয় এবং উপহারসামগ্রী তুলে দেওয়া হয়।




