
মানিকগঞ্জের শিবালয়ে ঢাকা-আরিচা মহাসড়কে চলাচলকারী ‘সেলফি’ পরিবহনের রুট পারমিট বাতিল ও বাস চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সচেতন নাগরিক সমাজের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, শিক্ষার্থী, যাত্রী ও স্থানীয় বাসিন্দারা অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সেলফি পরিবহনের কিছু বাস অতিরিক্ত গতিতে চলাচল করে। এতে মহাসড়কে দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে। এ ছাড়া চালকদের দক্ষতা ও যোগ্যতা যাচাই, নিয়মিত মাদক পরীক্ষা এবং যানবাহনের ফিটনেস নিশ্চিত করার দাবি জানান তাঁরা।
কর্মসূচিতে সচেতন নাগরিক কমিটির আহ্বায়ক খন্দকার তুহিন হোসেন, সাবেক ছাত্রনেতা মাহবুব আলম মাবুল, গোলাম রাব্বানী, সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব পিজুষ ফাইটার, মির্জা আব্বাস, সদস্য সাকিবুল ইসলাম সাকিব, মো. শফিকুল ইসলাম ও মো. সুজনসহ অন্যরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবহনটির বিরুদ্ধে ওঠা অভিযোগ নিরপেক্ষভাবে তদন্ত করা প্রয়োজন। পাশাপাশি বেপরোয়া গতি নিয়ন্ত্রণ, দক্ষ ও যোগ্য চালক নিয়োগ, নিয়মিত মাদক পরীক্ষা এবং বাসের ফিটনেস পরীক্ষা নিশ্চিত করতে হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও প্ল্যাকার্ড নিয়ে প্রতিবাদ মিছিল করেন। এ সময় ‘নিরাপদ সড়ক চাই’, ‘ন্যায্য বিচার চাই’ এবং ‘সেলফি পরিবহন বয়কট’সহ বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
বক্তারা আরও বলেন, দাবি দ্রুত বাস্তবায়ন না হলে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে পরবর্তী সময়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।




