
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় আয়োজিত বিভিন্ন দপ্তরের নানা কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহণ করেছেন ফরিদপুর ৪ আসনের সংসদ সদস্য মো. শহিদুল ইসলাম বাবুল। সোমবার (১৪সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মাধ্যমে তিনি তার কর্মসূচি শুরু করেন।
শুরুতে উপজেলা প্রশাসনের পক্ষ হতে সংসদ সদস্যকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ।
পরে উপজেলা পরিষদ হল রুমে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন, ক্রীড়া সামগ্রী বিতরন ও কৃষকদের মাঝে স্প্রে মেশিন বিতরনের পাশাপাশি চরাঞ্চলে সমন্বিত প্রানিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগী খামারীদের মাঝে বকনা বাছুর বিতরন করেন তিনি।
এছাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিস্তার রোধে সরকারি কর্মকর্তা ও কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিদিদের সমন্বয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে উপস্থিত সকলের দৃষ্টি আকর্ষন করে তিনি বলেন সরকারি কোন দপ্তরের কর্মকর্তা কর্মচারীর সাথে কেউ কোন খারাপ আচরন না করেন। কারো কোন অপরাধ থাকলে তার উর্ধ্বতন কর্মকর্তাকে জানান। তিনি বলেন বিজ্ঞান আমাদের জীবনে যেমন সুফল বয়ে এনেছে তেমনি এর অপব্যাবহার করে অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর ও মিথ্যা তথ্য প্রচার করে মানুষের ভাবমূর্তী ক্ষুন্ন করছে। সকলকে এ বিষয়ে সযাগ দৃষ্টি রাখতে হবে কেউ যেন মিথ্যা অপপ্রচার না করতে পারে।
উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চিকিৎসক এ কে এম আসজাদ, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান বিন ইসলাম, মৎস্য কর্মকর্তা মো. নাঈম হোসেন বিপ্লব, চরভদ্রাসন থানার উপ-পরিদর্শক মো. এনামুল হক, উপজেলা বিএনপির সন্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মো. অহিদুজ্জামান মোল্লা, সদস্য সচিব আব্দুল কুদ্দুস বাদশা, সদস্য এ জি এম বাদল আমিন, শাজাহান সিকদার, কে এম ওবায়দুল বারি দিপু খান, মোস্তফা কবির প্রমুখ। এ সময় বিভিন্ন দপ্তর প্রধানসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।




