
সিরাজগঞ্জের বেলকুচিতে কৃষক-কৃষাণীদের আধুনিক কৃষি প্রযুক্তি বিষয়ে দক্ষতা উন্নয়নে এক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ‘কৃষি প্রযুক্তি সম্পর্কিত দক্ষতা উন্নয়ন’ শীর্ষক এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা সাবাব ফারহানের সভাপতিত্বে প্রশিক্ষণে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) জেরিন আহমেদ।
প্রশিক্ষণে আধুনিক সেচব্যবস্থা, সমলয় চাষাবাদ, ড্রোন ও আধুনিক কৃষিযন্ত্রের ব্যবহারসহ আধুনিক কৃষি প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয়। এসব প্রযুক্তির সঠিক প্রয়োগের মাধ্যমে উৎপাদন বাড়ানো ও উৎপাদন খরচ কমানোর বিষয়ে কৃষকদের ধারণা দেওয়া হয়।
এ ছাড়া জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় পরিবেশবান্ধব কৃষি প্রযুক্তি, জৈব সার ও সমন্বিত বালাই ব্যবস্থাপনা (আইপিএম) ব্যবহারে কৃষকদের উদ্বুদ্ধ করা হয়। ফসল রোপণ থেকে কর্তন এবং কর্তন-পরবর্তী অপচয় কমানোর কৌশল নিয়েও আলোচনা করা হয়।
প্রশিক্ষণে বগুড়া কৃষি অঞ্চলের টেকসই কৃষি উন্নয়ন প্রকল্পের মনিটরিং কর্মকর্তা মো. ইমরান হোসেন, মো. মীর কাসেম আলী, অতিরিক্ত কৃষি কর্মকর্তা মোছা. মিশু আকতার এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাব্বির আহমেদ শুভ উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে মোট ৬০ জন কৃষক-কৃষাণী অংশ নেন।




