
ডেঙ্গু প্রতিরোধ ও শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে কেন্দ্রীয় ছাত্রদলের নির্দেশনায় এ কর্মসূচি পালন করা হয়। এসময় ছাত্রদলের নেতাকর্মীরা লক্ষ্মীপুর সরকারি কলেজের আঙিনা ও আশপাশের এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন থাকার আহ্বান জানান তারা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল, সাংগঠনিক সম্পাদক হাসান নিরব, সহ-সভাপতি ইমতিয়াজ আহমেদ বাবুসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বাহাদুর হোসেন নোবেল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ কলেজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা হয়েছে। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বর্তমানে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ইতোমধ্যে অনেকে মৃত্যুবরণও করেছেন। তাই সবাইকে সচেতন হতে হবে।
ছাত্রদল নেতা হাসান নিরব বলেন, ছাত্রদল সবসময় শিক্ষার্থীবান্ধব কর্মসূচি পালন করে থাকে। অতীতেও লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।
এদিকে ডেঙ্গু প্রতিরোধে কলেজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন করা ও শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির উদ্যোগকে স্বাগত জানিয়েছেন লক্ষ্মীপুর সরকারি কলেজের অধ্যক্ষ মো. ইউসুফ। তিনি ছাত্রদলের নেতাকর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, শিক্ষার্থীবান্ধব এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে। ডেঙ্গু থেকে বাঁচতে শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ সবাইকে সচেতন হতে হবে।




