
সন্ত্রাস নির্মূলে সরকার কোনো বিচারবহির্ভূত বা ক্রসফায়ারের পথে হাঁটবে না বলে স্পষ্ট জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৪ সেপ্টেম্বর) বেলা ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। প্রশাসনিক কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এই বৈঠক অনুষ্ঠিত হয়। আইন প্রয়োগেই সর্বোচ্চ জোর। আইনমন্ত্রী বলেন, অপরাধ দমনে কোনো ক্রসফায়ারের মতো বিতর্কিত পথ বেছে নেওয়া হবে না।
অপরাধীদের আইনের আওতায় আনতে প্রয়োজনে বিদ্যমান প্রচলিত আইনগুলোকে আরও কঠোর ও যুগোপযোগী করা হবে। সীমান্ত দিয়ে মাদক প্রবেশের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি জানান, পার্শ্ববর্তী দেশ থেকে পরিকল্পিতভাবে মাদকের চালান চাপিয়ে দেওয়া হচ্ছে।
সীমান্তের ওপারে বসে ইয়াবা কারবারিরা নানা পরিকল্পনা তৈরি করছে এবং সাম্প্রতিক সময়ে ড্রোনের মাধ্যমেও বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করা হচ্ছে। মাদক সংকট কেবল একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, এটি এখন গোটা দেশের উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এ কারণে মাদক বিস্তার ঠেকাতে এখন সারাদেশে ডোপ টেস্টের ওপর সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বৈঠকে উপস্থিত কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি আইন প্রয়োগের ক্ষেত্রে পেশাদারিত্ব ও কঠোর নজরদারি বজায় রাখার নির্দেশ দেন।
মতবিনিময় সভায় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম, খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল, খুলনা-১ আসনের সংসদ সদস্য আমীর এজাজ খান, বিভাগীয় কমিশনার মো: আবদুল্লাহ হারুন, পুলিশ কমিশনার মো: সাজ্জাদুর রহমান, রেঞ্জ ডিআইজি মো: মোস্তাফিজুর রহমান, পুলিশ সুপার সরকার ওমর ফারুক, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম, ওয়াসার চেয়ারম্যান মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা পরিষদের প্রশাসক এস এম মনিরুল হাসান বাপ্পী প্রমুখ বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা প্রশাসক হুরে জান্নাত।
প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। এছাড়া বিচারপ্রার্থী জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা খুলনা জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা সম্প্রসারণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন।
এর আগে সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অন্যান্য বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রী মামলা দ্রুত নিষ্পত্তি করে আদালতের জট কমানোর আহ্বান জানান।




