
মৌলভীবাজারের রাজনগরে মাদকবিরোধী অভিযানে চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় মাদকদ্রব্যসহ পাঁচজনকে আটক করা হয়। এর মধ্যে একজনকে অনলাইন জুয়া-সংক্রান্ত আইনে ব্যবস্থা নেওয়ার জন্য থানায় সোপর্দ করা হয়েছে।
সোমবার ভোররাতে উপজেলার মোকামবাজার এলাকায় স্থানীয় সচেতন মহল ও যুবসমাজের সদস্যরা কয়েকজনকে আটক করে প্রশাসন ও পুলিশকে খবর দেন। পরে রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার এবং রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আটক চারজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযানে ইয়াবা ও গাঁজাসহ একটি চাকু উদ্ধার করা হয়। এ ছাড়া কালো রঙের একটি সুজুকি জিক্সার মোটরসাইকেল ও একটি টমটম অটোরিকশা জব্দ করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে একজনের মোবাইল ফোনে অনলাইন জুয়া-সংক্রান্ত অ্যাপও পাওয়া যায়।
কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্তরা হলেন রাজনগর উপজেলার মেদিনী মহল গ্রামের নূর মিয়ার ছেলে আনকার মিয়া (৪৫) উত্তরভাগ ইউনিয়নের কেশরপাড়া গ্রামের মোহাম্মদ এলই মিয়ার ছেলে তাহের রাব্বি (২২) একই ইউনিয়নের কান্দিগাঁও গ্রামের জমির উদ্দিন মিয়ার ছেলে আলী আহমদ (২২) এবং সিলেটের উসমানীনগর উপজেলার পশ্চিম রোকনপুর গ্রামের তোতা মিয়ার ছেলে জাবের আহমদ (৩৪)।
এ ছাড়া কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার ওয়ারা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে শাহজাহান মিয়ার মোবাইল ফোনে অনলাইন জুয়া-সংক্রান্ত অ্যাপ পাওয়া যায়। পরে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাকে রাজনগর থানায় সোপর্দ করা হয়।
রাজনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল সিকদার বলেন, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রশাসনের অবস্থান কঠোর। বিশেষ করে ইয়াবার মতো মাদক এবং অনলাইন জুয়ার কারণে তরুণদের একটি অংশ নানা অপরাধ ও সামাজিক অবক্ষয়ের দিকে যাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, এলাকার যুবসমাজ সচেতন নাগরিক ও জনপ্রতিনিধিরা সম্মিলিতভাবে এগিয়ে এলে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে আরও কার্যকর প্রতিরোধ গড়ে তোলা সম্ভব।




