
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের লিফটের কন্ট্রোল রুমে আগুন। এ সময় হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০ জনের মতো আহত হয়েছেন।
সোমবার বিকেল পৌনে ছয়টার দিকে নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ৬টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এ সময় বিভিন্ন ওয়ার্ডে থাকা রোগী ও তাদের স্বজনরা হুড়োহুড়ি করে নামতে গিয়ে কমপক্ষে ২০জনের মত আহত হন।
রোগীর আসাদুজ্জামান খান বলেন, আমার ছেলে কয়েকদিন আগে আগুনে পুড়ে যায়। পরে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করি। আজকে আগুনের পর তাকে নিয়ে হুড়োহুড়ি করে নামতে গিয়ে অবস্থা আরও খারাপ হয়ে যায়।
হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়েছেন শহিদুল ইসলাম। তিনি বলেন, তাড়াহুড়ো করে নামতে গিয়ে ডান হাতের আঙুল অনেকটা কেটে গেছে। এসময় সবার মাঝে আতংক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানিয়েছেন নতুন ভবনের অষ্টম তলায় লিফটের কন্ট্রোল রুমে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, বিষয়টি হাসপাতালের হওয়ায় আমরা গুরুত্ব দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি। তবে বড় প্রাপ্তি হচ্ছে কেউ মারা যায়নি। আগুন যেমন তেমন আতংক ছড়িয়েছে বেশি।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা.জাকিউল ইসলাম জানিয়েছেন অগ্নিকাণ্ডের ঘটনায় কেউ মারা যায়নি। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত শেষে বলা যাবে। শুনছি হুড়োহুড়ি করে নামতে গিয়ে আহত হয়ে কয়েকজন। আহতের সংখ্যাও নির্দিষ্ট করে বলা যাচ্ছে না।



