
পিরোজপুরের আন্তঃজেলা ডাকাত দলের সরদার মান্নু হাওলাদারকে (৫৪) গ্রেফতার করেছে র্যাব-৮। সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক মান্নু শিবচর থানার উত্তর বাখরেরকান্দি গ্রামের গণি হাওলাদারের ছেলে।
র্যাব-৮ এর বরিশাল সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৫ আগস্ট ভোররাতে পিরোজপুর জেলার সদর থানাধীন ব্রাহ্মণকাঠী এলাকার এমরান শেখের (৩০) বসতবাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।
অজ্ঞাতনামা ৭/৮ জন সশস্ত্র ডাকাত ঘরের কেচি গেইট ও দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে এবং দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে ৫ লাখ টাকা মূল্যের স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন ও নগদ টাকা লুট করে পালিয়ে যায়। উক্ত ঘটনায় পিরোজপুর সদর থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়।
পিরোজপুর সদর থানা পুলিশ উক্ত ডাকাতি মামলার ঘটনায় প্রধান সন্দেহভাজন ডাকাত সরদার মান্নু হাওলাদার’কে গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৮ অধিনায়ক বরাবর একটি অধিযাচনপত্র প্রেরণ করে।
সেই প্রেক্ষিতে র্যাব-৮ এর মাদারীপুর ক্যাম্প ১৪ সেপ্টেম্বর তাকে শিবচর এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত অভিযুক্তকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য শিবচর থানায় হস্তান্তর করা হয়।




