
বরগুনার বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ মো. শামীম মিয়াজী (৩১) ও মো. শাহজালাল দফাদার (৩০) নামে দুই যুবককে আটক করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ১ নম্বর বুকাবুনিয়া ইউনিয়নের ছোনবুনিয়া গ্রামের একটি পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ছোনবুনিয়া এলাকায় ইয়াবা কেনাবেচার খবর পেয়ে বামনা থানা পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়।
পুলিশের দাবি, আটক শামীম মিয়াজীর পরিহিত হাফশার্টের পকেট থেকে ১০ পিস এবং শাহজালাল দফাদারের প্যান্টের পকেট থেকে তিন পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
আটক শামীম ছোনবুনিয়া গ্রামের মো. জামাল হোসেন মিয়াজীর ছেলে এবং শাহজালাল জাফ্রাখালী গ্রামের মো. ছিদ্দিকুর রহমান দফাদারের ছেলে। তারা দুজনই বুকাবুনিয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। স্থানীয়ভাবে শামীমকে বুকাবুনিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দেওয়া হয়েছে।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন খান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।




