
‘মাদকমুক্ত দাশকান্দি ও এলাচিপুর গড়ি, সুন্দর সমাজ সুনিশ্চিত করি’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের শিবালয় মডেল ইউনিয়নে মাদকবিরোধী, বাল্যবিবাহ ও ডেঙ্গু প্রতিরোধ এবং পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার দাশকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দাশকান্দি ও এলাচিপুর এলাকার সর্বস্তরের মানুষের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিষা রানী কর্মকার। বিশেষ অতিথি ছিলেন শিবালয় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম।
৩ নং শিবালয় মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. আলাল উদ্দিন আলালের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিবালয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আইয়ুব মিয়াজী, ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. আতাউর রহমান রাজা, শিবালয় উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আফজাল হোসেন, আব্দুল বাতেন ও সাংবাদিক রনি মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় বক্তারা বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি। মাদকের বিস্তার রোধে পরিবার ও সমাজের পাশাপাশি প্রশাসনের সহযোগিতা প্রয়োজন। মাদকসেবী, ক্রেতা ও বিক্রেতাদের চিহ্নিত করে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে মাদকসেবী ও বিক্রেতাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।
বক্তারা আরও বলেন, বাল্যবিবাহ প্রতিরোধ, ডেঙ্গু নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতেও জনসচেতনতা বাড়ানো জরুরি। একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে স্থানীয় বাসিন্দাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।




