
নওগাঁর মহাদেবপুরে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও ত্বরান্বিত করার লক্ষ্যে দিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মানজুরা মুশাররফ। সভায় উপজেলার ১০টি ইউনিয়নের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ও ইউপি প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী আইয়ুব আলী সরকার গত তিন মাসে গ্রাম আদালতে দায়ের ও নিষ্পত্তি হওয়া মামলার তথ্য, অগ্রগতি এবং সংশ্লিষ্ট রিপোর্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। এ সময় প্রজেক্টরের মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রম ও মামলার পরিসংখ্যানের চিত্র অংশগ্রহণকারীদের সামনে তুলে ধরা হয়।
সভাপতির বক্তব্যে ইউএনও মানজুরা মুশাররফ গ্রাম আদালতের কার্যক্রম সুষ্ঠু ও কার্যকরভাবে পরিচালনায় সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানান। তিনি ইউপি চেয়ারম্যানদের গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনায় প্রয়োজনীয় সহযোগিতা করতে হিসাব সহকারী ও ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশ দেন।
এছাড়া গ্রাম আদালতের মামলার নথি ও রেজিস্ট্রারসমূহ নিয়মিত হালনাগাদ রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। মহাদেবপুর উপজেলার সব ইউনিয়নে গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও জনবান্ধব করতে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন উপজেলা নির্বাহী অফিসার।
উল্লেখ্য, ইউরোপীয় ইউনিয়ন, ইউএনডিপি ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে প্রকল্পটির কার্যক্রম পরিচালিত হচ্ছে।




