
নওগাঁর পত্নীতলায় একটি আবাসিক ভবনে চুরির ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের হেফাজত থেকে চুরি হওয়া স্বর্ণালঙ্কার ও স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাতে পত্নীতলা থানা পুলিশের পৃথক অভিযানে উপজেলার নজিপুর পৌরসভার সরদারপাড়া ও মোল্লাপাড়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাকৃতরা হলো - নাজমুল হাসান (২৮), সরদারপাড়া এলাকার বেলাল হোসেনের ছেলে এবং মাহফুজ (২৪), মোল্লাপাড়া এলাকার সৈয়দুল ইসলামের ছেলে, সে একটি স্বণ দোকানে কাজ করে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৯ আগস্ট রাতে পত্নীতলার একটি আবাসিক ভবনে চুরির ঘটনা ঘটে। বাড়ির মালিকের অনুপস্থিতির সুযোগে চোরচক্র জানালার গ্রীল কেটে ঘরে প্রবেশ করে কয়েক ভরি স্বর্ণালঙ্কার সহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনা ও তত্ত্বাবধানে পত্নীতলা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এবং পত্নীতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের সহায়তায় চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করা হয়।
এরই ধারাবাহিকতায় সোমবার রাতে অভিযান চালিয়ে নাজমুল হাসান ও মাহফুজকে গ্রেপ্তার করা হয়। তাদের হেফাজত থেকে ১ ভরি ৮ আনা স্বর্ণ এবং স্বর্ণ বিক্রির ৬৯ হাজার টাকা উদ্ধার করে জব্দ করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গ্রেপ্তার নাজমুল হাসান ওই আবাসিক ভবনের নিরাপত্তাকর্মী হিসেবে কর্মরত ছিলেন। পুলিশের দাবি, তিনি চক্রটির নেতৃত্ব দিয়ে চুরির ঘটনায় জড়িত ছিলেন।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে প্রয়োজনীয় পুলিশি নিরাপত্তায় আদালতে পাঠানো হয়েছে। চুরির ঘটনায় জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। উল্লেখ্য হঠাৎ করেই এলাকায় চোরের উপদ্রপ বেড়েছে। সম্প্রতি নজিপুর কাচা বাজার এলাকা সহ পৌর এলাকায় চুরির ঘটনা ঘটেছে বলে জানাগেছে।




