
লক্ষ্মীপুর জেলার স্বাস্থ্যসেবার মানোন্নয়নে নার্সিং কলেজের পাশাপাশি ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) স্থাপনের প্রয়োজনীয়তার কথা জানিয়েছেন পরিবেশমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
তিনি বলেছেন, আইএইচটি প্রতিষ্ঠা হলে হাসপাতালের চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার মানসম্মত রিপোর্ট পাওয়ার সুযোগ তৈরি হবে। লক্ষ্মীপুর জেলার স্বাস্থ্যা বিভাগের এক হাজার পদের মধ্যে ৫০০ পদ খালী রয়েছে।
সকাল ১১টায় লক্ষ্মীপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা, দুর্নীতি ও মাদক নিয়ন্ত্রণ, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণসহ জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রম নিয়ে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, “গত ১৭ বছর এই জেলায় তেমন কোনো উন্নয়ন কাজ হয়নি। আমি লক্ষ্মীপুরের উন্নয়নে সমন্বয় করবো। লক্ষ্মীপুরের উন্নয়নে চার এমপিকে নিয়ে সমন্বিতভাবে কাজ করব।”
তিনি আরও বলেন, লক্ষ্মীপুরে স্বাস্থ্যসেবার মান উন্নয়নের জন্য নার্সিং কলেজের পাশাপাশি আইএইচটি স্থাপন করতে হবে। এতে হাসপাতালে চিকিৎসাসেবার পাশাপাশি রোগীদের স্বাস্থ্য পরীক্ষার মানসম্মত রিপোর্ট নিশ্চিত করা সম্ভব হবে। স্বাস্থ্য খাতে প্রয়োজনীয় প্রতিষ্ঠান ও আধুনিক সেবার সুযোগ বাড়ানোর মাধ্যমে জেলার মানুষের ভোগান্তি কমানো সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-২ আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূইয়া ও লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম। সভাপতিত্ব করেন লক্ষ্মীপুরের জেলা প্রশাসক এস এম মেহেদী হাসান।
মতবিনিময় সভায় জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, দুর্নীতি প্রতিরোধ, সরকারি সেবার মানোন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিতা এবং চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
এ সময় সরকারি দপ্তরগুলোর কার্যক্রম আরও গতিশীল ও সমন্বিত করার পাশাপাশি সাধারণ মানুষের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। মাদক ও দুর্নীতির বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




