
জামালপুরের বকশীগঞ্জে মাদক সেবনের দায়ে মো: নুর হোসেন (৩০) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দিবাগত রাত ১১টার দিকে সদর ইউনিয়নের ঝালরচর পশ্চিমপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
দণ্ডপ্রাপ্ত নুর হোসেন বকশীগঞ্জ পৌর শহরের ঝালরচর পশ্চিমপাড়া এলাকার মৃত ঘুটু শেখের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুরাদ হোসেন। আদালতে মাদক সেবনের দায়ে নুর হোসেনকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। অভিযানের সময় নুর হোসেনকে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মুরাদ হোসেন বলেন, মাদক সেবনের অপরাধে নুর হোসেন নামে এক যুবককে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়েছে। মাদক বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।




